বকেয়া ডিএ-র দাবিতে দুবরাজপুর আদালতে কর্মবিরতি।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বকেয়া ডিএ-র দাবিতে আজ বীরভূম জেলার দুবরাজপুর আদালতের সরকারী কর্মচারীরা আদালত চত্বরে কর্মবিরতি পালন করেন। এই কর্মবিরতি চলবে আজ এবং আগামীকাল পর্যন্ত। বকেয়া ডিএ-র দাবিতে দুবরাজপুর আদালতের ২০ জন কর্মচারী আন্দোলনে বসেছেন। উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মচারীদের ৩৬টি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চ আজ, সোমবার ও আগামিকাল কর্মবিরতির অর্থাৎ পেন ডাউনের ডাক দিয়েছে। এদিন সকাল থেকে জেলার পাশাপাশি দুবরাজপুর আদালতেও এই কর্মবিরতি শুরু হয়েছে। সরকারি কর্মীদের এই আন্দোলন নিয়ে রাজ্য কঠোর মনোভাব নিলেও তা উপেক্ষা করেই কর্মবিরতি চলছে। প্রসঙ্গত, বাজেট ভাষণের সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রায় হঠাৎ করেই রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেন। তারপর থেকেই রাজ্য কর্মীরা কেন্দ্রীয় কর্মচারীদের হারে ডিএ এবং বকেয়ার দাবিতে আন্দোলনে নামেন। দুবরাজপুর আদালত এমপ্লয়ি এসোসিয়েশনের সদস্য সুব্রত মণ্ডল জানান, আমরা দুবরাজপুর আদালতের কর্মচারীরা বকেয়া ডিএ-র দাবিতে আজ ধর্নায় বসেছি। আমাদের যে ৩ শতাংশ ডিএ ঘোষনা করা হয়েছে তাতে আমরা খুশি নয়। আমাদের পূর্ণ ডিএ দিতে হবে। আর যদি আমাদের দাবি পূরণ হয় তবে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। তিনি আরও জানান, আমরা কোনো কাজ করছি না। ইমার্জেন্সী হলে জজ সাহেবরা নিজেরাই সামলে নিচ্ছেন। এই কর্মবিরতির ফলে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে আমরা বুঝতে পারছি। তবে আমরা সকলেই তাঁদের কাছে ক্ষমা চাইছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *