কলকাতা, ১১ মে ২০২৩: সংযুক্ত কিষাণ মোর্চা পশ্চিমবঙ্গের রাজ্য সমিতি আজ কলকাতায় বৈঠক করেছে এবং রাজ্যে কৃষক আন্দোলন তীব্র করার বিষয়ে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নিয়েছে। গৃহীত সিদ্ধান্তগুলি হল নিম্নরূপ:
১) ১৮ মে, ২০২৩ বিকাল ৩টে থেকে ভারতের মহিলা কুস্তিগীরদের সঙ্গে সঙ্ঘতি প্রকাশের জন্য এসকেএম দ্বারা কলকাতার মৌলালিতে একটি জনসভার আয়োজন করা হবে। বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণের গ্রেফতারের দাবিতে, দিল্লির যন্তরমন্তরে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার বিরুদ্ধে আন্দোলন চলছে। ব্রীজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ তুলেছেন এক নাবালিকা সহ মহিলা কুস্তিগীররা। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার, স্বয়ং প্রধানমন্ত্রী সহ বিজেপির উচ্চ পদস্থ নেতারা এই ঘটনার পর থেকেই অভিযুক্ত সাংসদ কে নানান ভাবে সমর্থন ও মদত দিয়ে যাচ্ছে। এসকেএম বিজেপির এই ন্যক্কারজনক ভূমিকার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে, এই সমাবেশে নারী, ক্রীড়াবিদ, শ্রমিক, নাগরিক, যুব ও ছাত্র সংগঠনদের যুক্ত হতে আমন্ত্রণ জানাচ্ছে। এসকেএম আশা করে যে শত শত নাগরিক এবং কৃষক, ভারতের আপামর মহিলা সহ দেশের জন্য পদক জেতা ও গৌরবান্বিত করা মহিলা ক্রীড়াবিদদের অপমানের প্রতিবাদে বেরিয়ে আসবে। সমাবেশে ব্রিজভূষণ শরণ সিংহ এবং তার সমর্থক বিজেপির কেন্দ্রীয় সরকারের কুশপুত্তলিকা পোড়ানো হবে। এসকেএম-এর একটি প্রতিনিধি দল পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে দেখা করে অভিযুক্ত বিজেপি সাংসদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে একটি স্মারকলিপি জমা দেবে।
২) আগামী ২৬ থেকে ৩১ মে পর্যন্ত, পশ্চিমবঙ্গের লোকসভা ও রাজ্যসভার সাংসদ এবং রাজ্যের প্রধান রাজনৈতিক নেতাদের দপ্তরের সামনে এসকেএম-এর নেতৃত্বে কৃষক ও খেতমজুরদের যৌথ সমাবেশ এবং বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত করা হবে। নেতাদের কাছে স্মারকলিপি জমা দিয়ে দাবি করা হবে, ‘অবিলম্বে এমএসপি আইন, ঋণ-মুক্তি, কৃষক ও কৃষিজীবিদের পেনশন, কৃষক খুনে অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের গ্রেফতার, কৃষকদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার-সহ সমস্ত দাবির সমাধান করতে হবে’। এছাড়াও হুঁশিয়ারি দেওয়া হবে, শহিদ কৃষক পরিবারগুলিকে ক্ষতিপূরণ এবং রাজ্য স্তরের যে সমস্ত দাবি, তা না মানা হলে, বৃহত্তর প্রতিবাদ গড়ে তোলা হবে৷
৩) ২০২৩ সালের জুন এবং জুলাই মাসে পশ্চিমবঙ্গে কৃষক এবং শ্রমিকদের সংগঠিত করার জন্য জেলা এবং ব্লক স্তর-সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আঞ্চলিক স্তরে সম্মেলন করা হবে।
৪) ১ থেকে ১৫ আগস্ট, ২০২৩ এর মধ্যে শ্রমিক ইউনিয়ন এবং সংগঠনগুলির যৌথ সমন্বয়ে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে, যাতে কেন্দ্রীয় সরকার কর্পোরেটদের কাছে কৃষক এবং শ্রমিকদের স্বার্থ বিক্রি বন্ধ করার দাবি তোলা হবে।
৫) ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত এসকেএম-এর রাজ্য ও জাতীয় নেতাদের নেতৃত্বে রাজ্যের প্রতিটি জেলায় বিশাল কৃষক যাত্রা অনুষ্ঠিত হবে।
৬) আগামী ৩ অক্টোবর, ২০২৩ অর্থাৎ বিজেপি নেতারা যেদিন লখিমপুর খেরিতে কৃষক খুন করেছিল, সেইদিন কোলকাতায় ও জেলা সদরে শহিদ দিবস পালন করা হবে।
৭) ২৬ থেকে ২৮ নভেম্বর ২০২৩, দিল্লিতে কৃষকদের ঐতিহাসিক ‘দিল্লি চলো’ আন্দোলনকে স্মরণ করে, কলকাতায় দিবা-রাত্রি ধর্না-প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
মিডিয়া সেল | সংযুক্ত কিষান মোর্চা, পশ্চিমবঙ্গ
যোগাযোগ: samyuktkisanmorchawb@gmail.com












Leave a Reply