মাত্র ১১ বছরেই মাটির ছোঁয়ায় দুর্গাপ্রতিমা, মালদার খুদে শিল্পী কিংশুকের প্রতিভায় মুগ্ধ সবাই।

মালদা, নিজস্ব সংবাদদাতা: —- বয়স মাত্র ১১ বছর। খেলার বয়সেই মাটি দিয়ে নিজের হাতে তৈরি করে ফেলেছে সুন্দর একটি প্রতিমা। ছোট্ট হাতে মাটির ছোঁয়ায় ফুটিয়ে তুলেছে দেবী মা দুর্গার অপরূপ রূপ। প্রতিভার এই নিদর্শন ইতিমধ্যেই নজর কেড়েছে এলাকার মানুষের।
মালদার হবিবপুর থানার আইহো বক্সিনগর এলাকার বাসিন্দা কিংশুক সরকার। আইহো উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এই ছাত্র ছোটবেলা থেকেই মাটি নিয়ে খেলতে ভালোবাসে। পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিমা তৈরির প্রতিও তার ছিল গভীর আগ্রহ।
বাবা অনুপ সরকারের সঙ্গে বিভিন্ন জায়গায় প্রতিমা তৈরি দেখতে যেত কিংশুক। শিল্পীদের হাতে মাটির দলা ধীরে ধীরে কীভাবে দেবদেবীর রূপ নেয়, তা দেখেই যেন মনে বাসা বাঁধে প্রতিমা তৈরির স্বপ্ন। সেই স্বপ্ন থেকেই এবার খেলার ছলে নিজের হাতে তৈরি করে ফেলেছে মা দুর্গার একটি সুন্দর প্রতিমা।
কিংশুকের বাবা অনুপ সরকার জানান, ছোটবেলা থেকেই ছেলের মাটির প্রতি আলাদা টান ছিল। মাটি নিয়ে খেলতে খেলতেই কখন যে প্রতিমা তৈরির প্রতি তার আগ্রহ তৈরি হয়েছে, তা বুঝতেই পারেননি তাঁরা। ছেলের আবদার মেটাতে প্রতিমা তৈরির প্রয়োজনীয় সরঞ্জামও এনে দেন বাবা। আর সেই সরঞ্জাম নিয়েই নিজের কল্পনা ও প্রতিভার মিশেলে মা দুর্গার প্রতিমা তৈরি করেছে কিংশু।তার বাবা আরো বলেন ছেলে যদি শিল্পী হতে চাই তার কোন বাধা নেই এই শিল্পীরও একটা প্রতিভা রয়েছে যে তুলির ছোঁয়ায় মানুষের মন জয় করে।

এখন এলাকায়, মাত্র ১১ বছর বয়সে কিংশুকের এই প্রতিভা দেখে অবাক এলাকার মানুষ। অনেকেই বলছেন, সঠিকভাবে প্রশিক্ষণ ও উৎসাহ পেলে ভবিষ্যতে এই ছোট্ট শিল্পী প্রতিমা শিল্পে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *