বালুরঘাট জেলা হাসপাতালের এক নার্সের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ হাসপাতালের নার্সদের।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- বালুরঘাট জেলা হাসপাতালের এক নার্সের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ হাসপাতালের নার্সদের। এদিন বালুরঘাট জেলা হাসপাতালে নার্সেরা তাদের সহকর্মীর মৃত্যুর ঘটনায় হাসপাতালে বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেন এবং হাসপাতাল কর্মীদের হাসপাতালে সুচিকিৎসার দাবি জানান হাসপাতাল সুপারকে।

গতকাল বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ছন্দা বর্মন নামে ২৬ বছর বয়সী এক স্টাফ নার্সের। বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামের বাসিন্দা ছিলেন ছন্দা বর্মন। জানা গিয়েছে, গত শনিবার জ্বর ও রক্তের প্লেটলেট কমে যাওয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল তাকে সি সি ইউ তে স্থানান্তরিত করা হয়। এরপর গতকাল‌ই তার মৃত্যু হয়। যদিও পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির কোনো অভিযোগ করা হয়নি হাসপাতাল সুপারের কাছে। তবে, সহকর্মীর মৃত্যুর ঘটনায় এদিন সোমবার বালুরঘাট জেলা হাসপাতালের নার্সরা স্বাস্থ্য কর্মীদের সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ দেখান। নার্সদের অভিযোগ, সময় মতো ওই নার্সকে সিসিইউ-তে ভর্তি করলে তার অকাল মৃত্যু হতো না। স্বাস্থ্যকর্মীদের জন্য একটি সিসিইউ সংরক্ষণের দাবি এদিন তোলেন তারা হাসপাতাল সুপার এর কাছে।

বালুরঘাট জেলা হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানান, গতকাল হাসপাতালের এক স্টাফ নার্সের মৃত্যু হয়েছে। নার্সদের অভিযোগ, সময় মত তাকে সিসিইউ তে ভর্তি করা হয়নি। পাশাপাশি তারা জানিয়েছেন, হাসপাতাল কর্মীদের জন্য সিসিইউ এর অগ্রাধিকার দিতে হবে। হাসপাতাল সুপার জানান, সি সি ইউ খালি না থাকায় ওই নার্সকে সিসিইউ-তে ভর্তি করতে একটু দেরি হয়। তবে চিকিৎসার গাফিলতি যে অভিযোগ উঠেছে, তা সঠিক কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হবে।