মুর্শিদাবাদের লালবাগে অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন সংগঠনের রাজ্য কর্মী সম্মেলন, উঠে এল শিক্ষা, সম্প্রীতি ও বাল্যবিবাহ রোধের বার্তা।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-রবিবার ঐতিহাসিক লালবাগে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের দুদিনব্যাপী রাজ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নিজামউদ্দীন বিশ্বাস জানান, সম্মেলনে রাজ্য কমিটি নবীকরণ এবং সংগঠনের ১০ দফা প্রস্তাব গৃহীত হয়েছে।
ইমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষণ, সাম্প্রদায়িক সম্প্রীতি, বাল্যবিবাহ রোধ এবং যুবসমাজকে সংগঠনের সঙ্গে যুক্ত করার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলনের শেষ পর্বে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবাধিকার ও আইনি সহায়তা নিয়ে আলোচনা হয়। মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের পক্ষ থেকে লিগাল সেল গঠন করা হয়েছে।
শিক্ষাক্ষেত্রেও সংগঠনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়। সংগঠনের দাবি, এখনও পর্যন্ত ৫৯২ জন ইমাম-মুয়াজ্জিনের ছেলে-মেয়ে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হয়েছে। এ বছর ১২ জন ডাক্তার হয়েছেন। এছাড়াও একজন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছেন এবং একজন স্কটল্যান্ডে গবেষণা করছেন। তাঁদের সংবর্ধনাও দেওয়া হয়।
২৩টি জেলার প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভাপতি জিয়াউল হক লস্কর এবং চেয়ারম্যান সাব্বির আলী ওয়ারসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী প্রতিকানন্দ মহারাজ (হরিদ্বার, উত্তরাখণ্ড), ফেরদৌস শামীম (অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট), ছোটন দাস (বন্দি মুক্তি কমিটির রাজ্য সম্পাদক), শাহজাহান বিশ্বাস (ভয়েস পাবলিক স্কুলের কর্ণধার) এবং পার্থ সারথি বসু (বারাসাত আমানতি মসজিদের সম্পাদক)। এছাড়াও স্থানীয় নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *