বালুরঘাটে BJP–র SIR ক্যাম্পে সুকান্ত মজুমদার; লোকপাল–মহুয়া বিতর্কে কড়া আক্রমণ।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের মাস্টার পাড়া এলাকায় ২২ ও ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপির আয়োজিত SIR সহায়তা শিবিরে রবিবার হাজির হলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। স্থানীয় সাংসদকে সামনে পেয়ে ভিড় জমায় সাধারণ মানুষ। ক্যাম্পে এসে সুকান্তবাবু শুধু কথা বলেই ক্ষান্ত হননি—নিজে হাতে বহু মানুষের ফর্মও পূরণ করে দেন এবং নিজের ওয়ার্ডে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে এস, আই, আর নিয়ে এলাকাবাসীদের সচেতন করেন।

পাশাপাশি ক্যাম্পে উপস্থিত মানুষজনের সঙ্গে এস আই আর সংক্রান্ত নানা সংশয় দূর করেন তিনি। এলাকার বহু বাসিন্দা ফর্ম ফিলাপ নিয়ে অনিশ্চিত ছিলেন। অভিযোগ-সংশয় সব শুনে একে একে ফর্ম পূরণ করে দেন সাংসদ নিজেই।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া মৈত্রকে কেন্দ্র করে লোকপালের নির্দেশ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “লোকপাল নির্দেশ দিয়েছেন সিবিআই চার্জশিট গঠন করবে। তারপর তদন্ত হবে। প্রয়োজনে শাস্তি পেতে হবে তাঁকে, জেলেও যেতে হতে পারে।”

আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার নিতীশ কুমার–স্তুতি নিয়েও তির ছোঁড়েন সুকান্তবাবু। বলেন, “মুখ্যমন্ত্রী নিতীশ কুমার কী কাজ করেছেন, তা জনতা দেখেছে বলেই তাঁকে ভোট দিয়েছে। তৃণমূল এবার বুঝুক—কেন তাদেরই সাংসদ ওনার প্রশংসা করছেন।”

বিজেপির পক্ষ থেকে দাবি, SIR কর্মসূচি ঘিরে মানুষের সাড়া মিলছে প্রচুর। আর সেই কারণেই শিবিরে মানুষের ঢল নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *