আই-প্যাক অফিসে ইডি তল্লাশির প্রতিবাদে হবিবপুরে তৃণমূলের বিক্ষোভ ও ধিক্কার মিছিল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- কলকাতার সল্টলেকে আই-প্যাকের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তল্লাশির অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় মালদহ জেলার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকায় বিক্ষোভ ও ধিক্কার মিছিল করল তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই মিছিলে “বিজেপি হটাও”, “ইডির সন্ত্রাস বন্ধ করো”—সহ একাধিক স্লোগান ওঠে। মিছিলটি গোটা বুলবুলচন্ডী এলাকা পরিক্রমা করে। নেতৃত্ব দেন হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সরকার।
এদিন মিছিলে উপস্থিত ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযূষ মণ্ডল, বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ডাগা, আইএনটিটিইউসি-র সভাপতি সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
বিক্ষোভ চলাকালীন হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সরকার বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের অফিসে আচমকা ইডির হানা বিজেপি পরিচালিত একটি রাজনৈতিক ষড়যন্ত্র। ভোটের মুখে এই ধরনের কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার আমরা মেনে নেব না।”
তিনি আরও বলেন, “এই হানার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। বিজেপির নির্দেশে ইডি যেভাবে বিরোধীদের দমন করার চেষ্টা করছে, তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ ও ধিক্কার মিছিল।”
তৃণমূল নেতৃত্বের দাবি, গণতন্ত্র রক্ষা ও কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের বিরুদ্ধে আগামী দিনেও এই আন্দোলন আরও জোরদার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *