
উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রায়পুর এলাকায় বুধবার সকাল থেকে উত্তেজনা।
ডাম্পার ও ট্রাকটারের লাগাতার দৌরাত্ম্য রুখতে পথ অবরোধে নামলেন এলাকাবাসীরা।
অভিযোগ—স্কুল টাইমে রাস্তায় চলাচল করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। শুধু যানজট নয়, অতিরিক্ত মালবোঝাই ডাম্পারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে PWD-র রাস্তা। বুধবার সকাল থেকে রায়গঞ্জের রায়পুর এলাকায় এই চিত্র। ডাম্পার ও ট্রাকটারের দৌরাত্ম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বেশ কয়েক মাস ধরেই এই রাস্তা দিয়ে অবাধে চলছে বড় বড় মালবোঝাই গাড়ি। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন স্কুলের ছাত্রছাত্রী এবং সাধারণ পথচারীরা। বিশেষ করে স্কুল টাইমে যানজটের কারণে পড়ুয়ারা সঠিক সময়ে স্কুলে পৌঁছাতে পারছে না বলে অভিযোগ। এলাকাবাসীদের দাবি, PWD-এর অন্তর্ভুক্ত এই রাস্তায় যতটুকু লোড বহনের ক্ষমতা রয়েছে, তার চেয়ে ডবল বা তারও বেশি মাল বোঝাই করে চলছে ডাম্পার। ফলে একদিকে যেমন রাস্তার ক্ষতি হচ্ছে, অন্যদিকে তীব্র যানজট তৈরি হচ্ছে প্রতিদিন। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা।
গাড়ি আটকে দীর্ঘক্ষণ সকাল থেকেই চলে পথ অবরোধ। তাঁদের দাবি—অবিলম্বে এই রাস্তায় ভারী যান চলাচল বন্ধ করতে হবে। স্থানীয় বাসিন্দা অর্জুন দেবনাথ বলেন আমরা কয়েক মাস ধরে দেখছি ডাম্পার-ট্রাকটার অবাধে চলছে। স্কুল টাইমে বাচ্চাদের যাওয়া অসম্ভব। এইভাবে চলতে পারে না। বিশিষ্ট সমাজসেবী অচিন্ত্য দেব বলেন PWD রাস্তা, কিন্তু নিয়ম না মেনে অতিরিক্ত লোড নিয়ে ডাম্পার চলছে। রাস্তাও নষ্ট হচ্ছে, মানুষের জীবনও ঝুঁকিতে। এলাকাবাসীরা জানিয়েছেন, খুব শীঘ্রই বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে। এবং দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।












Leave a Reply