বাল্যবিবাহ মুক্ত জেলা গড়ার লক্ষ্যে গঙ্গারামপুরে সচেতনতামূলক ট্যাবলো উদ্বোধন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলাকে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার বেলা দেড়টা নাগাদ গঙ্গারামপুরে এক বিশেষ সচেতনতামূলক ‘বাল্যবিবাহ মুক্ত’ ট্যাবলো উদ্বোধন করা হয়। গঙ্গারামপুর ব্লক ও থানার চত্বর থেকে এই ট্যাবলোটি বের করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার এসআই পল্লব ঝাঁ, অরুণ সোম, পাপড়ি সাহা, জেলা শক্তিবাহিনীর কর্মকর্তা মিজানুর রহমান সহ অন্যান্য আধিকারিক ও কর্মীরা।
ট্যাবলোটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে সাধারণ মানুষের মধ্যে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেয়। বক্তারা জানান, বাল্যবিবাহ শুধুমাত্র একটি সামাজিক ব্যাধি নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে কিশোরী মেয়েদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি। পাশাপাশি বাল্যবিবাহ যে আইনত দণ্ডনীয় অপরাধ, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মসূচির অঙ্গ হিসেবে একটি গণস্বাক্ষর অভিযানের আয়োজন করা হয়, যেখানে সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে বাল্যবিবাহ রোধের শপথ নেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *