আমাদের পাড়া, আমাদের সিদ্ধান্তেই উন্নয়ন বালুরঘাট পৌরসভায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে ৩২টি কাজের ওয়ার্ক অর্ডার প্রদান করা হলো ।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- রাজ্যের বিভিন্ন প্রান্তে বুথভিত্তিক উন্নয়নের রূপরেখা তৈরির লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি। সেই কর্মসূচির আওতায় এবার বালুরঘাট পৌরসভা এলাকায় নতুন করে ৩২টি উন্নয়নমূলক কাজের সূচনা হতে চলেছে।শুক্রবার দুপুরে বালুরঘাট পৌরসভার সুবর্ণতট সভাগৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই ৩২টি প্রকল্পের ওয়ার্ক অর্ডার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা, এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার প্রসাদ, কাউন্সিলর শ্যামল কুমার সাহা, কাউন্সিলর অপর্ণা চ্যাটার্জি-সহ পৌরসভার অন্যান্য জনপ্রতিনিধিরা।পৌরসভা সূত্রে জানা গিয়েছে, এই ৩২টি প্রকল্পের মধ্যে ৩১টি সিভিল ওয়ার্ক এবং একটি ইলেকট্রিক ওয়ার্ক।সব মিলিয়ে প্রকল্পগুলির জন্য প্রায় ৬০ লক্ষ ৫০ হাজার টাকা খরচ হবে বলে জানানো হয়েছে।এই প্রসঙ্গে পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’।এই প্রকল্পে সাধারণ মানুষ নিজেরাই তাঁদের এলাকার উন্নয়নের প্রয়োজনীয়তা আমাদের জানিয়েছেন। সেই মতামতের ভিত্তিতেই বালুরঘাট শহরে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আজ আমরা এই প্রকল্পের অধীনে ৩২টি কাজের ওয়ার্ক অর্ডার তুলে দিলাম।”পৌরসভা এলাকায় বাসিন্দাদের সরাসরি অংশগ্রহণে উন্নয়নের সিদ্ধান্ত কার্যকর হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারাও। তাঁদের আশা, নির্ধারিত সময়ের মধ্যেই কাজগুলি শেষ হলে শহরের পরিকাঠামো আরও মজবুত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *