
উত্তর ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- উত্তর ২৪ পরগনার জগদ্দল এলাকায় এক বিজেপি কর্মীর ওপর দুষ্কৃতী হামলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত কপিলমুনি সাউ, তিনি বিজেপির জগদ্দল মণ্ডল একের প্রাক্তন সম্পাদক বলে দলীয় সূত্রে জানা গেছে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
অভিযোগ, ভাটপাড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে বিজেপির সমর্থনে দেওয়াল লিখছিলেন কপিলমুনি সাউ। সেই কারণেই তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। মারধরের সময় বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ উঠেছে।
ঘটনার পর আহত বিজেপি কর্মী জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ঘটনাকে ঘিরে ফের রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে জগদ্দল এলাকা।












Leave a Reply