তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি ওয়ার্ড সভাপতি।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা : – বালুরঘাট শহরের ২২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে দলেরই এক নেতাকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, তৃণমূলের এক গোষ্ঠীর হামলায় গুরুতর জখম হন ওই ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট টিংকু সরকার। আহত অবস্থায় তাঁকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ফোন করে তাঁকে একটি বিষয় নিয়ে আলোচনার জন্য ডেকে আনা হয়। সেখানে কথাবার্তার মধ্যেই তৃণমূলের অপর একটি গোষ্ঠীর কয়েকজন আচমকাই তাঁর উপর চড়াও হয়। অভিযোগ অনুযায়ী, তাঁকে রড দিয়ে মারধর করা হয় এবং আঙুলে কামড় দেওয়া হয়। এমনকি প্রাণঘাতী হামলার চেষ্টা করা হলে কোনওরকমে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত নেতা মনে করছেন, রাজনৈতিক কারণেই তাঁর উপর এই হামলা চালানো হয়েছে। ঘটনার পর বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছে আহত ব্যক্তির সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।তৃনমুল কংগ্রেস এর পক্ষ থেকে কোন নেতৃত্ব মুখ খুলতে চায়নি বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *