মুজনাই নদীর বঙ্কিম সেতু ভাঙার পর স্বস্তি, অস্থায়ী বাঁশের সাঁকোতেই শুরু পারাপার।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েত ও জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী মুজনাই নদীর উপর অবস্থিত বঙ্কিম সেতু ভেঙে পড়ার পর অবশেষে অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার শুরু হলো। বুধবার থেকে ওই সাঁকো ব্যবহার করে বাইক, টোটো এবং বহু স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত শুরু করেছেন। উল্লেখ্য, গত রবিবার বালি বোঝাই একটি ডাম্পার সেতুর উপর দিয়ে পারাপার করার সময় আচমকাই সেতুটি ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই সেতুর মাঝামাঝি অংশ দু’ভাগে বিভক্ত হয়ে যায় এবং ডাম্পারটি সোজা নদীতে পড়ে যায়। এই ঘটনায় জটেশ্বর ও পাঁচমাইল এলাকার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে কয়েক হাজার মানুষ চরম সমস্যায় পড়েন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত উদ্যোগ নেয় WBSRDA-র আলিপুরদুয়ার ডিভিশন। দিনরাত এক করে শুরু হয় অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণের কাজ। প্রশাসনের তৎপরতায় স্বল্প সময়ের মধ্যেই সাঁকো তৈরির কাজ সম্পূর্ণ হয়। বুধবার থেকে ওই সাঁকো দিয়ে সাধারণ মানুষ পারাপার শুরু করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসী। দ্রুততার সঙ্গে বিকল্প ব্যবস্থা গড়ে তোলায় প্রশাসনের ভূয়সী প্রশংসাও করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *