জটেশ্বরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে উপচে পড়া ভিড়।।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর কিশোর তীর্থ ক্লাবের উদ্যোগে আয়োজিত হল একটি বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির। ওই শিবিরে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আগত রোগীদের চোখের বিভিন্ন পরীক্ষা করা হয়। পরীক্ষার পর প্রয়োজন অনুযায়ী অনেককেই বিনামূল্যে চশমা প্রদান করা হয়। পাশাপাশি যেসব রোগীর চোখে ছানির সমস্যা ধরা পড়ে, তাঁদের পরবর্তীতে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানান। এদিন সকাল থেকেই ক্লাব প্রাঙ্গণে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। জটেশ্বর ছাড়াও আশেপাশের বিভিন্ন গ্রাম ও এলাকা থেকে বহু মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেন। নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সের মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। স্থানীয় বাসিন্দাদের মতে, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক। জটেশ্বর কিশোর তীর্থ ক্লাবের এই মানবিক প্রয়াসকে তাঁরা স্বাগত জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *