জয়নগরে পারিবারিক বিবাদে যুবককে খুনের অভিযোগ, অভিযুক্ত খুড়তুতো ভাইয়েরা।

জয়নগর, নিজস্ব সংবাদদাতা: পারিবারিক বিবাদকে কেন্দ্র করে সাবল ও ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের উত্তর দুর্গাপুর এলাকায়। মৃতের নাম আব্দুল রাজ্জাক শেখ (৩৬)। এই ঘটনায় তাঁর খুড়তুতো ভাইদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

পরিবারের অভিযোগ, পারিবারিক অশান্তির জেরেই রাজ্জাকের উপর চড়াও হয় তাঁর খুড়তুতো ভাইয়েরা। তাঁদের হাতে ছিল সাবল ও ধারালো অস্ত্র। হামলায় শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত পান রাজ্জাক। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

এরপর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক বলে জানা গিয়েছে। তাঁদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ঠিক কী কারণে এই পারিবারিক বিবাদ এবং হামলার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *