ভোটার তালিকা থেকে নাম বাদ, হাসনাবাদে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ।

হাসনাবাদ, নিজস্ব সংবাদদাতা:- ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের রাজাপুর এলাকা। ক্ষুব্ধ ভোটাররা আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।
জানা গিয়েছে, রাজাপুর এলাকার ২০৭ নম্বর বুথে মোট ১২৮৩ জন ভোটারের মধ্যে প্রায় ২৫৭ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
বিক্ষোভকারীদের দাবি, একাধিকবার এলাকার BLO, ERO এবং নির্বাচন দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলেও সন্তোষজনক কোনো উত্তর মেলেনি। সমস্যার সমাধান না হওয়ায় অবশেষে তাঁরা পথে নামেন এবং বসিরহাট-ন্যাজাট রোডের রাজাপুর এলাকায় অবরোধ গড়ে তোলেন।
আগুন জ্বালিয়ে রাস্তা আটকে দেওয়ার ফলে ওই ব্যস্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অবরোধকারীদের বোঝানোর চেষ্টা চালানো হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সমাধান সূত্র মেলেনি।
স্থানীয়দের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *