বর্ণাঢ্য শোভাযাত্রায় মনোনয়ন জমা গোপাল চন্দ্র সাহার, উৎসবের আবহ মালদায়।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা বিধানসভা কেন্দ্রে মনোনয়ন ঘিরে শক্তি প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টি। দলের প্রার্থী গোপাল চন্দ্র সাহা বৃহস্পতিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
মঙ্গলবারী চৌরঙ্গী মোড় থেকে শুরু হওয়া এই বিশাল মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। ঢাক-তাশার তালে উৎসবমুখর পরিবেশে এগিয়ে চলে শোভাযাত্রা। হাতে দলীয় পতাকা ও মুখে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে নির্দিষ্ট দপ্তরের উদ্দেশ্যে অগ্রসর হয়। প্রার্থীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা ও কর্মীরা।
মনোনয়ন জমা দেওয়ার আগে গোপাল চন্দ্র সাহা সাধারণ মানুষের আশীর্বাদ ও সমর্থন কামনা করেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান তিনি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ধরনের শক্তি প্রদর্শন ভোটের আগে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *