ভোটের আবহে হবিবপুরে নগদ টাকা উদ্ধার, বাজেয়াপ্ত ২ লক্ষ ৪০ হাজার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোটের আবহে ফের নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদার হবিবপুরে। সোমবার সকালে তল্লাশি অভিযানে একটি ছোট গাড়ি থেকে উদ্ধার হল প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা।
জানা গিয়েছে, ভারতের নির্বাচন কমিশন-এর নির্দেশে বুলবুলচন্ডী নতুন বাসস্ট্যান্ড এলাকায় নাকা পয়েন্ট চেকিং চালানো হচ্ছিল। সেই সময় সুজাপুর থেকে হবিবপুরগামী একটি গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় গাড়ি থেকে নগদ বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। পরে গাড়ির চালকের কাছে ওই টাকার বৈধ নথিপত্র চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি।
এরপরই নির্বাচন কমিশনের আধিকারিকরা নিয়ম মেনে পুরো টাকা বাজেয়াপ্ত করেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেন।
এই অভিযানে হবিবপুর থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের আধিকারিকরা যৌথভাবে অংশ নেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং নির্বাচনকে ঘিরে নজরদারি আরও কড়া করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *