রতুয়ায় নাকা চেকিংয়ে ১৫ লক্ষাধিক টাকা উদ্ধার, বাজেয়াপ্ত নির্বাচন কমিশনের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোটের আবহে মালদার রতুয়ায় ফের বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুখুরিয়া থানার বরকোল নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকা উদ্ধার করেন কর্তব্যরত আধিকারিকরা।
জানা গিয়েছে, ভারতের নির্বাচন কমিশন-এর নির্দেশে পুখুরিয়ার পোদিয়ামোড় এলাকায় বসানো হয়েছিল নাকা চেকিং। সেখানে পুখুরিয়া থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা যৌথভাবে তল্লাশি অভিযান চালান।
তল্লাশির সময় দুটি ছোট গাড়ি থামিয়ে পরীক্ষা করা হলে সেখান থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়। তবে ওই টাকার কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেননি এক যাত্রী।
এরপরই নিয়ম মেনে পুরো টাকাই বাজেয়াপ্ত করা হয় এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
ঘটনার পর এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভোটের আগে অবৈধ লেনদেন রুখতে প্রশাসনের কড়াকড়ি স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *