চাঁচলে নির্দল প্রার্থী জনি, কংগ্রেসে ভাঙন, তুঙ্গে রাজনৈতিক তরজা।

মালদহ, নিজস্ব সংবাদদাতা:- চাঁচল বিধানসভা কেন্দ্রের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হল। কংগ্রেসের একাংশের সমর্থন নিয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করলেন প্রাক্তন ব্লক সভাপতি আনজারুল হক জনি।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কংগ্রেসের অন্দরে প্রার্থী নির্বাচন নিয়ে টানাপোড়েন চলছিল। দলের একাংশ আনজারুল হক জনি-কে প্রার্থী করার দাবি জানালেও শেষ পর্যন্ত প্রার্থী করা হয় প্রাক্তন বিধায়ক আসিফ মেহেবুব-কে।
এরপর থেকেই বিক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে নামেন এবং প্রার্থী বদলের দাবিতে ধর্না শুরু হয়। তবে নেতৃত্বের পক্ষ থেকে সেই দাবিতে গুরুত্ব না দেওয়ায় শেষ দিনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন জনি। সোমবার চাঁচল শহর জুড়ে তাঁর সমর্থনে বর্ণাঢ্য মিছিল বের হয়।
আনজারুল হক জনি অভিযোগ করেন, “তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতেই জেলা নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে। কর্মীদের মতামত উপেক্ষা করা হয়েছে। তাই কংগ্রেসকে বাঁচাতে নির্দল হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত।”
অন্যদিকে পাল্টা আসিফ মেহেবুব দাবি করেন, “আমাকে প্রার্থী না হওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। তবে মানুষের উপর আমার আস্থা রয়েছে।”
এই ঘটনাকে ঘিরে তৃণমূল কংগ্রেস-এর পক্ষ থেকেও পাল্টা আক্রমণ শুরু হয়েছে। ফলে নির্বাচনের আগে চাঁচলের রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *