
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদহে এসআইআর বিরোধী আন্দোলনকে ঘিরে মোথাবাড়ির ঘটনাসহ মোট ১২টি মামলার তদন্তভার নিল National Investigation Agency (এনআইএ)।
এই ১২টি মামলায় গ্রেফতার হওয়া মোট ৪১ জন অভিযুক্তকে আজ এনআইএ-র হাতে তুলে দেওয়া হচ্ছে। এজন্য অন্যতম অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম-সহ অন্যান্য ধৃতদের সোমবার দুপুরে মালদা জেলা আদালতে আনা হয়।
ধৃতদের মধ্যে রয়েছেন মোথাবাড়ি বিধানসভার ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট মনোনীত প্রার্থী শাহজাহান আলী কাদরী।
কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্তদের আদালতে তোলা হয়। সূত্রের খবর, এনআইএ যে ১২টি মামলার তদন্তভার নিচ্ছে, তার মধ্যে ৮টি মোথাবাড়ি থানায় দায়ের হওয়া মামলা এবং বাকি ৪টি কালিয়াচক থানার মামলা।
এদিন আদালতে তোলার সময় সংবাদমাধ্যমের প্রশ্নে কোনও মন্তব্য করতে চাননি মোফাক্কেরুল ইসলাম। তবে তাঁর আইনজীবীরা জানিয়েছেন, আদালতে তাঁর পক্ষেই সওয়াল করা হবে।
সব মিলিয়ে, এই ঘটনায় এনআইএ-র প্রবেশে তদন্তে নতুন মোড় আসতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল।












Leave a Reply