প্রচার অভাবে ফাঁকা ট্রাইবুনাল, মালদায় শুরু অফলাইনে আবেদন গ্রহণ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— একাধিক জেলায় ট্রাইবুনালের জন্য অফলাইনে আবেদন জমা নেওয়ার কাজ আগেই শুরু হলেও, এতদিন ব্যতিক্রম ছিল মালদা। অবশেষে আজ থেকে জেলাতেও অফলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পর্যাপ্ত প্রচারের অভাবে কার্যত খালি পড়ে রয়েছে ট্রাইবুনাল চত্বর।
মালদা জেলা প্রশাসনিক ভবনের পুল গ্যারেজে অস্থায়ীভাবে এই ট্রাইবুনাল খোলা হয়েছে। জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা করে ১২টি টেবিলের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রশাসনিক সূত্রে খবর, মালদা জেলায় মোট ৮ লক্ষ ৮৮ হাজার ৬৫৭ জনের নাম বিচারাধীন ছিল। এর মধ্যে ৫ লক্ষ ৮৮ হাজার ৬৫৭ জনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। অন্যদিকে, ২ লক্ষ ৩৯ হাজার ৩৭৫ জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে। মূলত এই বাদ পড়া ভোটাররাই ট্রাইবুনালে আবেদন করবেন।
তবে ভোটারদের একাংশের অভিযোগ, আবেদন প্রক্রিয়ায় তাঁদের হয়রানির শিকার হতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও স্পষ্ট কোনও নির্দেশনা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। কখনও বলা হচ্ছে কাজ হবে, আবার কখনও জানানো হচ্ছে আবেদন গ্রহণ করা সম্ভব নয়—এই বিভ্রান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
অনেকেই জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে নিয়মিত ভোট দিয়ে আসছেন। তারপরও তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় তাঁরা হতাশ ও ক্ষুব্ধ। দ্রুত সমস্যার সমাধান এবং স্বচ্ছ প্রক্রিয়ার দাবি জানিয়েছেন আবেদনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *