সাঁঝবেলার স্বপ্ন :: মহীতোষ গায়েন।

আজ আর কোন পথসভা ছিল না
সারাটা দিন ছিল মেঘলা আকাশ ,
আজ বিকেলে তাই বক্তব্য রাখার
ব্যাপার ছিলনা,ছিল বিষন্ন বাতাস।

বিকেল চারটেয় লাঞ্চ সেরেছি
সাঁঝবেলায় অজান্তে ঘুমের দেশে,
আজ আর কোন ফোন আসে নি…
অপেক্ষার মেসেজ এসেছে শেষে।

ঘুমের মধ্যে স্বপ্নে হঠাৎ ফোন এলো-
এক ইতিহাসবিদের ফোন …
‘কেমন আছো,তোমার কথা ভাবছিলাম,
মেলটা দেখেছো,নতুন বইটা কেমন হলো?’

আমি বললাম স্যার,ভালো করে দেখিনি,
একঝলক দেখলাম,পরে পুরোটা দেখছি;
ফোন কেটে গেল,আবার ঘুমে আচ্ছন্ন…
উঁচু রাস্তায়,মাথায় মেঘ,শান্তি আঁকছি।

আমার সামনে গুরু ও গুরুপত্নী হাঁটছেন-
পিছনে হাঁটছি অনাবিল সৌন্দর্য সাঁঝে…
এক স্বর্গীয় স্বর্ণাভ, পীতাম্বর আলো মুখে,
বিলীন হচ্ছি নৈসর্গিক প্রকৃতির মাঝে ।

ওরা সব হাতছানি দিয়ে ডাকছে; আমি
এগিয়ে চলেছি মোহ-মুক্তির টানে একা…
যেখানে মিথ্যে মায়া নেই,হিংসা,ঈর্ষা নেই
বঞ্চনা,প্রতারণা নেই,মুখোশের নেই দেখা।

কি আনন্দ,আর দুঃখ নেই,কষ্ট নেই,কোন
চাওয়া নেই, শুধু প্রাপ্তি মহাজাগতিক শক্তি,
ঘুম ভেঙে গেলো,এক তৃপ্তির আনন্দ হৃদয়ে;
সে শক্তি দিক বঞ্চিত,বঞ্চিতার,যন্ত্রণা মুক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *