
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার গাজোল এলাকায় একাধিক পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহে নতুন বিধিনিষেধ জারি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ভিড় লক্ষ্য করা গেছে। পাম্পগুলিতে তেল নিতে দীর্ঘ লাইন পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উচ্চ চাহিদা ও নির্বাচনী প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশে খুচরা আউটলেটগুলিতে জ্বালানি বিতরণ সীমিত করা হয়েছে।নতুন নিয়ম অনুযায়ী, দুই চাকার যানবাহনের জন্য সর্বোচ্চ ২৫০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। চার চাকার গাড়ির ক্ষেত্রে এই সীমা নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা পর্যন্ত। একইভাবে, ছোট যানবাহনের জন্য ডিজেল ২০০০ টাকা পর্যন্ত এবং ভারী যানবাহনের জন্য সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে।পাম্প কর্তৃপক্ষের দাবি, উপরমহল থেকে আসা নির্দেশিকা অনুযায়ী এই নিয়ম কার্যকর করা হয়েছে। নির্বাচনী কাজে ব্যবহৃত যানবাহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সংরক্ষণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেইসঙ্গে সাধারণ গ্রাহকদের জন্য জ্বালানি সরবরাহ আংশিকভাবে সীমিত রাখা হচ্ছে।
পেট্রোল পাম্পের ম্যানেজাররা জানিয়েছেন, প্রধান কার্যালয় থেকে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নির্দেশিকা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। অন্যদিকে, তেল নিতে আসা সাধারণ মানুষ এই পরিস্থিতিতে কিছুটা সমস্যায় পড়লেও পরিস্থিতি বুঝে সহযোগিতা করছেন।












Leave a Reply