
মালদা, নিজস্ব সংবাদদাতা : – মালদহে বিজেপি সমর্থক পরিবারের উপর হামলা। মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ।
ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ইংলিশ বাজার থানার পার্বত্যা এলাকায়। অভিযোগ, আক্রান্ত ভোলা ঘোষ আমবাগান দেখাশোনার কাজ করেন। শনিবার তাঁর মেয়ে বাপের বাড়িতে এসে বাবার সঙ্গে আমবাগানে দেখা করতে যান। সেই সময় স্থানীয় কয়েকজন যুবক তাঁর মেয়ের সঙ্গে শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে।
পরিবারের পক্ষ থেকে দাবি, ঘটনায় প্রতিবাদ করতেই অভিযুক্ত মটরা ঘোষ-সহ তিনজন ভোলা ঘোষ, তাঁর স্ত্রী ও মেয়ের উপর চড়াও হয়। তাঁদের বেধড়ক মারধর করা হয় এবং হাসুয়া দিয়ে কোপানোরও অভিযোগ উঠেছে। হামলার সময় আক্রান্ত তরুণীর গলায় থাকা সোনার চেন ছিনতাই করা হয়েছে বলেও অভিযোগ পরিবারের।
অভিযুক্তরা প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে দাবি করেছেন আক্রান্ত পরিবার। গুরুতর জখম অবস্থায় তিনজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।












Leave a Reply