
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের কোলা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতে নতুন বোর্ড গঠনকে ঘিরে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা গেল। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান ও উপপ্রধান পদত্যাগ করেন। এরপর বুধবার প্রশাসনিকভাবে নতুন বোর্ড গঠনের লক্ষ্যে পঞ্চায়েত সদস্যদের মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
মোট ১৬টি আসনের মধ্যে সিপিএমের ২ জন সদস্য ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন। ফলে ১৪ জন সদস্য ভোটদান করেন। এর মধ্যে বিজেপির ছিল ৪টি আসন এবং তৃণমূল কংগ্রেসের ছিল ১০টি আসন। তবে ভোটাভুটির ফলাফলে বিজেপি ৯টি ভোট পায়, আর তৃণমূল কংগ্রেস পায় ৫টি ভোট।
ভোটের ফলাফলে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস উপপ্রধান হিসেবে নির্বাচিত হন।তবে গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদটি মহিলা তপশিলি সংরক্ষিত হওয়ায় ওই পদে আপাতত নির্বাচন স্থগিত রাখা হয়েছে। ফলে নতুন প্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত উপপ্রধান বিশ্বজিৎ দাসই গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক দায়িত্ব সামলাবেন।












Leave a Reply