চুয়াড় বিদ্রোহের স্মৃতিবিজড়িত আমশোলে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন,আবক্ষ মূর্তির প্রতিশ্রুতি বিধায়কের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের অন্তর্গত প্রত্যন্ত আমশোল গ্রামে জাতীয় পতাকা উত্তোলন করলেন শালবনীর বিধায়ক বিমান মাহাতো। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গড়বেতা ৩ নম্বর ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য এবং বিশিষ্ট সমাজসেবী সুশান্ত কারক। তবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য হঠাৎ করেই কেন আমশোল গ্রামকে বেছে নেওয়া হলো, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতূহল তৈরি হয়। জানা যায়, ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই গ্রামের বিশেষ সম্পর্ক। কথিত আছে, চুয়াড় বিদ্রোহের সময় এই আমশোল গ্রামেই স্বাধীনতা সংগ্রামী তথা চুয়াড় বিদ্রোহের অন্যতম নায়ক গোবর্ধনপতি ইংরেজদের কাছে আত্মসমর্পণ না করে স্বেচ্ছায় প্রাণ বিসর্জন দিয়েছিলেন। সেই ঐতিহাসিক ও পবিত্র ভূমিতেই স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন। পতাকা উত্তোলনের পর শালবনীর বিধায়ক বিমান মাহাতো ওই স্থানে স্বাধীনতা সংগ্রামী গোবর্ধনপতির একটি আবক্ষ মূর্তি নির্মাণের প্রতিশ্রুতি দেন। তাঁর এই ঘোষণায় এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *