
পাণ্ডবেশ্বর , পশ্চিম বর্ধমান, নিজস্ব সংবাদদাতা :-রবিবার গভীর রাতে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার নবগ্রামে একটি ডাকাতির ঘটনার তদন্তে গিয়ে এবার আক্রান্ত হতে হলো খোদ পুলিশ কর্মীদের। ব্যাপক উত্তেজনা এলাকায়। ঘটনার পর থেকে এলাকায় পুলিশের কড়া নজরদারি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ডাকাতির ঘটনার তদন্তে নেমে অন্ডাল থানার পুলিশ পাণ্ডবেশ্বরের নবগ্রাম এলাকায় রবিবার গভীর রাতে অভিযান চালায়। তদন্তের সূত্র ধরে চারজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর ধৃতদের নিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বেরিয়ে আসার সময় আচমকাই পুলিশের গাড়ি আটকে দেন এলাকার বেশ কিছু মানুষ। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পুলিশের গাড়ি ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ ও ধস্তাধস্তি।
একপর্যায়ে পুলিশের উপর হামলা চালানো হয় এবং পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়। ধৃতদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ।
পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। রবিবারও নবগ্রাম এলাকায় জোরদার পুলিশি টহল শুরু হয়। ডিসিপি ইস্ট-এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় অভিযান চালায়। পুলিশের উপর হামলা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এলাকায় এখন টানটান উত্তেজনা রয়েছে পুলিশি টহল দারি।












Leave a Reply