আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য রামপুরহাট, ময়নাতদন্তের পর বাড়িতে নিয়ে আসা হলো মরদেহ।

নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট:- রামপুরহাটের প্রাক্তন বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে ঘিরে গুরুতর ঘটনায় রামপুরহাটজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে তাঁর দলীয় কার্যালয়ে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানা গিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখে। কীভাবে ঘটনাটি ঘটল এবং এর নেপথ্যে কোনও কারণ রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

এরপর রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তের পর তাঁর মরদেহ নিজ বাসভবনে নিয়ে আসা হয়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক নেতা, কর্মী, অনুগামী ও পরিচিতরা ছুটে আসছেন।

ঘটনার তদন্তে একটি কথিত নোটের বিষয়ও সামনে এসেছে। সেখানে দীর্ঘদিন মানসিক অবসাদে ভোগার কথা উল্লেখ করা হয়েছে বলে জানা যায়। পাশাপাশি পরিবারের সদস্যদের শান্ত থাকার এবং কোনও পারিবারিক সমস্যা হলে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বীরভূম জেলা পুলিশ সুপারের বক্তব্য

বীরভূম জেলা পুলিশ সুপার জানান, বাড়ির দুটি দরজা ভিতর থেকে বন্ধ ছিল। নিয়ম মেনে ভিডিওগ্রাফির মাধ্যমে পুলিশ দেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে একটি নোটও পাওয়া গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে।

আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট বিধানসভা কেন্দ্রের দীর্ঘদিনের পরিচিত রাজনৈতিক মুখ ছিলেন। একাধিকবার বিধায়ক নির্বাচিত হওয়ার পাশাপাশি রাজ্য মন্ত্রিসভা এবং বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর মৃত্যুতে রামপুরহাট ও বীরভূমের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত ও সরকারি রিপোর্টের দিকেই এখন নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *