
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কয়েকদিনের টানা অতি ভারী বৃষ্টিপাতের ফলে ফুলেফেঁপে উঠেছে শিলাবতী নদী। এর জেরে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের হুমগড় থেকে জোগাড়ডাঙ্গা এলাকার সংযোগকারী কজওয়ের উপর দিয়ে জল বইতে শুরু করেছে। বর্তমানে কজওয়েটি প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুমগড় ও জোগাড়ডাঙ্গা এলাকার মধ্যে যাতায়াতের একমাত্র ভরসা এই কজওয়েটি। নদীর জল আরও বাড়লে যে কোনও মুহূর্তে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই কজওয়ের উপর নির্ভর করেই প্রতিদিন বহু ছাত্র-ছাত্রী বিদ্যালয় ও কলেজে যাতায়াত করে। পাশাপাশি সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় কাজের ক্ষেত্রেও এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাকসবজি-সহ বিভিন্ন কৃষিপণ্যও এই পথ দিয়েই বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হয়। জানা গিয়েছে, আগে এই এলাকায় যাতায়াতের জন্য কাঠের তৈরি একটি সেতুর উপর নির্ভর করতে হতো সাধারণ মানুষকে। কিন্তু বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে প্রতিবছরই নানান সমস্যার সম্মুখীন হতে হতো। পরে সাধারণ মানুষের স্বার্থে জেলা পরিষদের উদ্যোগে নির্মাণ করা হয় এই পাকা কজওয়েটি।এলাকাবাসীদের দাবি, কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য এই কজওয়েটিই একমাত্র ভরসা। তাই নদীর জলস্তর আরও বৃদ্ধি পেলে কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, টানা বৃষ্টির কারণে শিলাবতী-সহ জেলার একাধিক নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ফলে নদী সংলগ্ন এলাকাগুলিতে বন্যার আশঙ্কাও ক্রমশ বাড়ছে।












Leave a Reply