
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে রাজ্যজুড়ে বিক্ষোভের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের একটি হোটেলে বিজেপির মেদিনীপুর জেলা প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বিক্ষোভ দেখানোটা ফ্যাশন আমাদের এখানে।” অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, পথ অবরোধ এবং বিডিও-এসডিও অফিসে বিক্ষোভ দেখানোর ঘটনা সামনে এসেছে। অনেক মহিলার অভিযোগ, অনলাইন এবং অফলাইন—দুইভাবেই আবেদন করার পরেও তাঁরা এখনও প্রকল্পের টাকা পাননি। এই পরিস্থিতি নিয়ে দিলীপ ঘোষের কাছে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, আবেদন করলেই যে টাকা পাওয়া যাবে, এমনটা নয়। নির্দিষ্ট শর্তের মধ্যে যাঁরা আসবেন, তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, বর্তমানে আবেদনকারীদের নথি যাচাই ও বিভিন্ন তথ্যের সঙ্গে মিলিয়ে দেখার কাজ চলছে। যোগ্যদেরই শেষ পর্যন্ত প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এই দিন লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, অতীতে যোগ্য না হওয়া সত্ত্বেও অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন। সরকারি কর্মচারীর পরিবারের সদস্য, সামর্থ্য থাকা সত্ত্বেও প্রকল্পের সুবিধা নেওয়া-সহ একাধিক অভিযোগ তুলে তিনি দাবি করেন, যাচাইয়ের পর অযোগ্যদের তালিকা থেকে বাদ দেওয়া হবে।
শনিবারের প্রশিক্ষণ শিবিরে বিজেপির জেলা সভাপতি এবং জেলার সমস্ত বিজেপি বিধায়ক-সহ দলের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে যখন বঞ্চনার অভিযোগে বিক্ষোভ চলছে, তখন দিলীপ ঘোষের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।












Leave a Reply