বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো পাঁচ অবৈধ মদের দোকান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর স্টেশন সংলগ্ন হামালপাড়ায় বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হলো পাঁচটি অবৈধ মদের দোকান। দীর্ঘদিন ধরে ওই এলাকায় পাঁচ-ছয়টি অবৈধ মদের দোকানে মদের কারবার চলছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বুলডোজার দিয়ে দোকানগুলির ছাউনি ও কাঠামো গুঁড়িয়ে দেয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সকাল থেকে রাত পর্যন্ত ওই দোকানগুলিতে মদের কারবার চলত। বিশেষ করে সন্ধ্যার পর এলাকার পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠত। দূরদূরান্ত থেকে লোকজন এসে সেখানে মদের আসর বসাত বলে অভিযোগ। পাশাপাশি উচ্চস্বরে কথাবার্তা, চিৎকার-চেঁচামেচি ও গালিগালাজের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল বলেও দাবি বাসিন্দাদের। স্থানীয়দের আরও অভিযোগ, অবৈধ মদের দোকানগুলির বিষয়ে এর আগেও একাধিকবার পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু তারপরও দীর্ঘদিন ধরে কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।
বুধবার ফের বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। অবৈধ মদের দোকানগুলিকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে বুলডোজার দিয়ে পাঁচটি অবৈধ মদের দোকানের কাঠামো ভেঙে দেয়।
প্রশাসনের এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এলাকায় যাতে ফের অবৈধভাবে মদের কারবার শুরু না হয়, সেদিকেও প্রশাসনকে নজর দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *