কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় প্রয়াত সংগীতশিল্পী জুবিন গর্গের প্রথম প্রয়াণ দিবস পালন করা হল কোচবিহারে। সমাজকর্মী ও পরিবেশপ্রেমীদের উদ্যোগে এদিন শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান, ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
কোচবিহারের বাইক অক্সিজেন ম্যান হিসেবে পরিচিত শংকর রায়, সমাজকর্মী বিপ্লব তালুকদার এবং পরিবেশপ্রেমী পিংকি রায়ের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষও অংশগ্রহণ করে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানান। অনেকেই প্রদীপ, মোমবাতি ও ধূপকাঠি জ্বালিয়ে জুবিন গর্গের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পীর জনপ্রিয় গান পরিবেশন করে শ্রদ্ধা জানান এক ক্ষুদে শিল্পী। পাশাপাশি এলাকার আরও এক শিল্পী জুবিন গর্গের গান পরিবেশন করে তাঁকে স্মরণ করেন। সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শুধু স্মরণসভা নয়, পরিবেশের বার্তাও তুলে ধরা হয় এই উদ্যোগে। জুবিন গর্গের স্মৃতির উদ্দেশ্যে একটি গাছ উপহার দেওয়া হয়। সেই গাছটি শিল্পীর নামে রোপণ করা হবে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে।
শিল্পীর গান ও সৃষ্টিকে স্মরণ করার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিয়ে জুবিন গর্গের স্মৃতিকে ধরে রাখার এই উদ্যোগে এলাকার মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।













Leave a Reply