
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোডের বুড়ামারা এলাকায় এক নাবালিকাকে নিয়ে ওঠা ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃত সুনীল হাঁসদা, নবীন হাঁসদা এবং মঙ্গল টুডুকে মেদিনীপুর আদালতে পেশ করা হয়। আদালতে পুলিশ অভিযুক্তদের ১০ দিনের হেফাজতের আবেদন জানায়। তবে শুনানি শেষে আদালত পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশের অভিযোগ অনুযায়ী, চন্দ্রকোনারোডের বুড়ামারা এলাকায় একটি অর্কেস্ট্রা অনুষ্ঠানে গিয়েছিল ওই নাবালিকা। অভিযোগ, অনুষ্ঠানস্থল থেকে তিনজন ব্যক্তি তাকে আড়াবাড়ি জঙ্গলের দিকে নিয়ে যান। সেখানে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে পুরো বিষয়টি জানায় নাবালিকা। এরপর সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। তদন্তের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার তাদের মেদিনীপুর আদালতে তোলা হয়। আদালতে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তদন্তের স্বার্থে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে জানানো হয়।
সরকারি আইনজীবী সৌমিলি মাইতি জানান, নাবালিকা বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। সেই কারণে এখনও তার গোপন জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি। তবে নাবালিকার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি ধৃত তিনজনেরও মেডিকেল পরীক্ষা করা হয়েছে বলে আদালতে জানানো হয়েছে। এই ঘটনায় অভিযোগের সত্যতা, ঘটনার প্রকৃত পরিস্থিতি এবং এর সঙ্গে কারও নির্দিষ্টভাবে জড়িত থাকার বিষয়টি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখছে পুলিশ। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী পাঁচ দিন পুলিশ হেফাজতে থাকবে ধৃত তিনজন। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে ঘটনার আরও তথ্য সামনে আসতে পারে।












Leave a Reply