চোপড়ার জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের!

চোপড়া, নিজস্ব সংবাদদাতা:-নির্বাচন কমিশনের সঙ্গে সেটিং করে ভোট কেটে জেতার বিস্ফোরক অভিযোগ, পাশাপাশি ‘বেইমান’ ও ‘গদ্দার’ বলে আক্রমণ মমতার ছবি নিয়ে জয়ীদের!

আজ উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভা এলাকার সুজালি গ্রাম পঞ্চায়েতে মমতা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি যোগদান সভা ও জনসভা আয়োজন করা হয়।

জনসভায় কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে সরাসরি নিশানা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নির্বাচন কমিশনের সঙ্গে সেটিং করে ভোট কেটে বিজেপি নির্বাচনে জয়লাভ করেছে। এরপর ইচ্ছামতো সরকার পরিচালনা করছে বলেও অভিযোগ করেন তিনি। ভোট চোর গাদ্দি চোর বলেও স্লোগান দেন।

লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক সরকারি প্রকল্প নিয়েও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূলের এই সাংসদ।

এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে নির্বাচনে জয়ী হয়ে পরবর্তীতে বিজেপির সঙ্গে সমঝোতা করা নেতাদেরও তীব্র আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তাঁর কথায়, যারা এমন করেছেন তারা ‘বেইমান’ এবং ‘গদ্দার’। জনগণ তাদের কোনওদিন ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি।

শুধু তাই নয়, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়ে আবারও মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন বলেও দাবি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এই জনসভার প্রধান আয়োজকদের মধ্যে ছিলেন মমতা তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল সাত্তার।

চোপড়ার মাটি থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একের পর এক বিস্ফোরক মন্তব্য ঘিরে এখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *