
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে পড়ুয়াদের কৌতূহল ও আগ্রহ বাড়াতে বালুরঘাটে অনুষ্ঠিত হল বিশেষ শিক্ষামূলক কর্মসূচি ‘আকাশ যখন হাতের মুঠোতে’। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে এবং বালুরঘাট স্কাই ক্লাবের সহযোগিতায় মঙ্গলবার সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন শালগ্রাম প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বানিব্রত দাস, বালুরঘাট উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অরিজিত ভাদুড়ি, এছাড়াও আরও দুই অবর বিদ্যালয় পরিদর্শক জ্যোতির্ময় সিনহা ও রাহুল শঙ্কর শেঠ, বালুরঘাট স্কাই ক্লাবের পক্ষে তুহিন শুভ্র মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব প্রামাণিক-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। কর্মসূচিতে বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। টেলিস্কোপের মাধ্যমে রাতের আকাশ পর্যবেক্ষণের সুযোগ পেয়ে উৎসাহিত হয়ে ওঠে তারা। টেলিস্কোপে চোখ রেখে চাঁদ, তারা ও বিভিন্ন গ্রহ সম্পর্কে জানার সুযোগ পায় পড়ুয়ারা।
বালুরঘাট স্কাই ক্লাবের সদস্যরা শিক্ষার্থীদের আকাশের বিভিন্ন জ্যোতিষ্ক সম্পর্কে ধারণা দেন। নক্ষত্র ও গ্রহের পার্থক্য, তাদের বৈশিষ্ট্য এবং আকাশে অবস্থান সম্পর্কেও সহজভাবে বোঝানো হয়। বইয়ের পাতায় পড়া বিষয়কে সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ আরও বাড়ে।
আয়োজকদের বক্তব্য, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলা এবং জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আগ্রহ তৈরি করাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। আকাশ পর্যবেক্ষণের এই অভিজ্ঞতা ভবিষ্যতে পড়ুয়াদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করবে বলে আশা তাঁদের।












Leave a Reply