দুর্গাপুজোর আগে মালদায় পদ্ম সংরক্ষণের তোড়জোড়, হিমঘরে জমা প্রায় ৫ লক্ষ ফুল।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- বাঙালির শ্রেষ্ঠ পার্বণ দুর্গাপুজো। আর দুর্গাপুজোর নানা আচার-অনুষ্ঠানে পদ্মফুলের গুরুত্ব অপরিসীম। তাই পুজোর প্রস্তুতির সঙ্গে পাল্লা দিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পদ্ম সংগ্রহ ও সংরক্ষণের কাজ। মালদা জেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে পদ্ম সংগ্রহ করে ইংরেজবাজার ব্লকের কমলাবাড়ি এলাকার একটি হিমঘরে মজুত করছেন চাষি ও ব্যবসায়ীরা।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত ওই হিমঘরে প্রায় পাঁচ লক্ষ পদ্ম সংরক্ষণ করা হয়েছে। দুর্গাপুজোর সময় চাহিদা মেটাতে আরও প্রায় পাঁচ লক্ষ পদ্ম সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। হিমঘরে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করে পুজোর চার দিন ধাপে ধাপে বিভিন্ন জায়গায় পদ্ম সরবরাহ করা হবে।

মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, মালদা জেলার বিভিন্ন ছোট-বড় দুর্গাপুজোয় এখান থেকে পদ্ম সরবরাহ করা হয়। পাশাপাশি জেলার বাইরেও বিভিন্ন পুজো কমিটির কাছে সংরক্ষিত পদ্ম পাঠানো হয়। এ বছর দুর্গাপুজোর সংখ্যা ও চাহিদা দুটোই বেড়েছে। ফলে অন্যান্য বছরের তুলনায় এবার বেশি পরিমাণ পদ্ম সংরক্ষণ করা হচ্ছে।

পদ্ম চাষি বরকত সেখ জানান, মালদা-সহ বিভিন্ন এলাকার জলাশয় ও ঝিল থেকে পদ্ম সংগ্রহ করা হয়। পুজোর চার দিন যাতে ফুলের জোগানে কোনও ঘাটতি না হয়, সেই লক্ষ্যেই আগে থেকে পদ্ম সংগ্রহ করে হিমঘরে সংরক্ষণ করা হচ্ছে। ফলে পুজোর মরশুমে মালদার এই হিমঘর থেকেই জেলার পাশাপাশি ভিন জেলার বহু পুজোমণ্ডপে পৌঁছে যাবে পদ্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *