প্রয়োজনের অতিরিক্ত মোরাম খনন নয় তো? গড়বেতার ডিগ্রীতে বাড়ছে ক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: সামনেই দুর্গাপুজো। মণ্ডপ সজ্জা ও রাস্তা সংস্কারের দরুন প্রয়োজন হয়ে পড়েছে মোরামের। সেই তাগিদেই স্থানীয় গ্রাম পঞ্চায়েতের অনুমতি নিয়ে মোরাম তোলা চলছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ডিগ্রি গ্রাম পঞ্চায়েতের শুকনাতোড় এলাকায়। তবে এই মোরাম খননকে কেন্দ্র করেই দানা বাঁধছে বিতর্ক।

এলাকাবাসীর একাংশের অভিযোগ, পুজোর অজুহাতে অনুমোদিত পরিমাণের চেয়ে অনেক বেশি মাটি ও মোরাম তুলে নেওয়া হচ্ছে। অনবরত খননের ফলে পরিবেশের ভারসাম্য যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনই হুমকির মুখে সংলগ্ন কৃষিভূমি। স্থানীয়দের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত আদৌ এই মোরাম খননের অনুমতি দিতে পারে কি না তা নিয়ে এবং অনুমতির আড়ালে বেআইনিভাবে অতিরিক্ত মোরাম কাটা হচ্ছে না তো? জন মানসে এটা নিয়েও জোর গুঞ্জন।

যদিও পঞ্চায়েত সূত্রের দাবি, সমস্ত নিয়ম মেনেই ছাড়পত্র দেওয়া হয়েছে এবং নজরদারি চালানো হচ্ছে। তবে প্রশাসনের হস্তক্ষেপে আদৌ নিরপেক্ষ তদন্ত হয় কি না, সেদিকেই নজর গ্রামবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *