শীতকাল এসে গেছে মধুলিকা (১) : মহীতোষ গায়েন।

শীতকাল এসে গেছে মধুলিকা, আর ঘুমাবো না …
দেখতে দেখতে বছর কাটতে চললো, আর এলে না;
ঐ দেখ , ফুলের বনে শোভা পাচ্ছে চন্দ্রমল্লিকা,ডালিয়া…
জানি তোমার অসংখ্য বন্ধু,তবুও ফুলের মত কি কেউ?

মানুষ চিনতে চিনতে কত বর্ষা,শীত,গ্রীষ্ম ও বসন্ত গেছে
বিষন্নতা কাটাতে কাটাতে বছর চলে গেছে,গত একটা
বছর ধরে নিজস্ব জগৎ ছেড়ে অবিরাম শুভাকাঙ্ক্ষী থাকা
কিন্তু বর্তমান পৃথিবী মায়াহীন শুধু মায়ার খেলা ক্ষমতায়।

রোদ, বৃষ্টি,ঝড়,কত দিন রাত ,কত কথা সব কি শূন্যতার?
এতদিনে বুঝে গেছি রহস্যের গতিশীলতা, থমকে গেছি ;
পয়েনসেটিয়া গাছে স্মৃতি আটক গেছে,অ্যান্টিরাইনাম
ফুলও বুঝে গেছে,সৌরভ নয়,সব কিছু লেনদেনের গল্প।

যে গল্পে আমি নেই, সূর্য নিভে গেছে, অম্লান জোৎস্নালোকে
মরা নদীর বাঁকে মাছরাঙা আর বসবে না,পড়ে আছে ক্ষত
জিনিয়া ফুল,আর আমি ঘুমাবো না,এখন আত্মার সাথে
পরমাত্মার সংযোগ বিচ্ছিন্ন,অন্য সুরে প্লাবিত সে উপত্যকা।

বহু মাস অতিক্রান্ত, সূর্যমুখী ফুল ফুটেছে চরাচরে,অনাহূত
সন্নিবেশ কতদিন স্থায়ী হয় বলো, হয়না,তবুও প্রকৃতি এক
অচেনা সুর লুকিয়ে রেখেছে, আবিষ্ট থাকার ধারা পাতের
যে কটি পৃষ্ঠা ছিঁড়েছে তা মহাকালের পটে সুরক্ষিত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *