মালদা শহরে যানজট কমাতে পথে পৌরসভা ও পুলিশ, ফুটপাত দখলমুক্ত করতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- শহরের যানজট নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলমুক্ত করতে পথে নামল ইংলিশবাজার পৌরসভা ও জেলা পুলিশ প্রশাসন। সোমবার মালদা শহরের ফোয়াড়া মোড় থেকে রথবাড়ি মোড় পর্যন্ত অভিযান চালানো হয়। পায়ে হেঁটে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পরিদর্শন করেন ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান অম্লান ভাদুড়ী। অভিযানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক সম্ভদীপ সরকার, ইংলিশবাজার থানার আইসি পঙ্কজ সিং-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

অভিযান চলাকালীন ফুটপাত দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের সতর্ক করা হয়। তাঁদের ফুটপাত দখলমুক্ত করার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, ব্যবসায়ীদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থাও করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়। নির্ধারিত সময়ের মধ্যে ফুটপাত দখলমুক্ত না করা হলে পরবর্তীতে কড়া পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

শহরের যানজট কমাতে টোটো চলাচল নিয়ন্ত্রণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট কয়েকটি পয়েন্ট তৈরি করা হবে, সেই পয়েন্ট ধরেই টোটো শহরে প্রবেশ করতে পারবে। পাশাপাশি, শহরের মধ্যে দুটি পার্কিং জোন তৈরির পরিকল্পনা রয়েছে। সেখানে গাড়ি রেখে শহরবাসী তাঁদের প্রয়োজনীয় কাজ সারতে পারবেন।

চেয়ারম্যান অম্লান ভাদুড়ী জানান, শহরের যানজট কমানো এবং সাধারণ মানুষের যাতায়াতকে আরও সুগম করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *