ছট ও কালীপুজো ঘিরে আগাম প্রস্তুতি, হবিবপুরের ঘাট ও পুজোমণ্ডপ পরিদর্শনে মন্ত্রী জয়েল মুর্মু ও পুলিশ সুপার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— ছট ও কালীপুজো ঘিরে আগাম প্রস্তুতি, বুলবুলচণ্ডী থেকে মানিকোরা—ঘাট ও পুজোমণ্ডপ পরিদর্শনে মন্ত্রী জয়েল মুর্মু ও পুলিশ সুপার অনুপম সিং! ৪২ ফুটের বিশালাকার কালীপ্রতিমার নিরঞ্জন ব্যবস্থা খতিয়ে দেখল প্রশাসন।
আসন্ন ছটপুজো ও কালীপুজোকে কেন্দ্র করে নিরাপত্তা এবং প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার সকালে হবিবপুর ব্লকের বিভিন্ন পুজো ও ঘাট পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন এবং সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী জয়েল মুর্মু এবং মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং।প্রথমে তারা বুলবুলচণ্ডীর টাঙ্গন নদীর ছটঘাট পরিদর্শন করেন। ছটপুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য ঘাটের পরিকাঠামো, নিরাপত্তা এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখেন আধিকারিকরা। পাশাপাশি কালী প্রতিমা নিরঞ্জনের ঘাট, বিসর্জনের ব্যবস্থা এবং নিরঞ্জনের সময় সম্ভাব্য সমস্যা নিয়েও বিস্তারিত আলোচনা করেন। এরপর তারা যান বুলবুলচণ্ডী বাজার সার্বজনীন কালীপুজো মন্দিরে। সেখানে পুজো কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন প্রশাসনিক আধিকারিকরা। বিশেষভাবে খোঁজ নেওয়া হয় ৪২ ফুট দীর্ঘ বিশালাকার কালীপ্রতিমার নিরঞ্জন প্রক্রিয়া নিয়ে। প্রতিমা নিরঞ্জনের নির্দিষ্ট ঘাট এবং সেখানে প্রয়োজনীয় ব্যবস্থাপনাও সরেজমিনে পরিদর্শন করেন তারা।এরপর প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী মানিকোরা কালীপুজো পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন মন্ত্রী ও পুলিশ সুপার।এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন হবিবপুরের বিডিও অংশুমান দত্ত, হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *