নিট (NEET) উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাল বৈষ্ণবনগর ১৬ মাইল থানাপাড়া কালীপূজা কমিটি ৷

মালদা, নিজস্ব সংবাদদাতা:— নিট (NEET) উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাল বৈষ্ণবনগর ১৬ মাইল থানাপাড়া কালীপূজা কমিটি৷ অভাবকে জয় করে ডাক্তার হওয়ার স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে চলা ২৪ জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানাল ১৬ মাইল থানাপাড়া কালীপূজা কমিটি। কালীপুজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক ও অনুষ্ঠান মঞ্চ থেকেই এই সংবর্ধনা প্রদান করা হয়। জানা যায় মালদা জেলার কালিয়াচক ৩ ব্লকের বৈষ্ণবনগর থানা এলাকার বিভিন্ন প্রান্তের প্রায় ২৪ জন ছাত্রছাত্রী এবছর নিট পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে রাজ্যের ও দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে পঠনপাঠন শুরু করেছেন। এই কৃতিদের সাফল্যকে সম্মান জানাতে এবং আগামী দিনের ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে পুজা কমিটির পক্ষ থেকে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষ্ণবনগর ৫৪ বিধানসভার বিধায়ক রাজু কর্মকার এবং বৈষ্ণবনগর থানার আইসি সুদীপ চক্রবর্তী। পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমন্ত্রিত অতিথিদের হাত থেকেই সংবর্ধনা ও পুরস্কার গ্রহণ করেন কৃতি ছাত্রছাত্রীরা। ​বিশেষভাবে উল্লেখ্য এই ২৪ জন সফল শিক্ষার্থীর মধ্যে অনেকেই প্রত্যন্ত গ্রাম বা দিয়ারা অঞ্চলের বাসিন্দা। চরম আর্থিক অনটন ও পারিবারিক অভাবকে কাটিয়ে তাঁদের এই কঠোর পরিশ্রম ও সাফল্য এলাকার সকলের নজর কেড়েছে। বিধায়ক ও থানার আইসির মতো বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সংবর্ধনা ও পুরস্কার পেয়ে আনন্দিত ও আপ্লুত পড়ুয়ারা ও তাদের অভিভাবকরা। শিক্ষক মুকতার হোসেন জানান, “১৬ মাইল থানাপাড়া কালীপূজা কমিটির এই উদ্যোগ আগামী দিনে এই অঞ্চলের আরও বহু ছাত্রছাত্রীকে পড়াশোনায় উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। সাধারণ ঘরের সন্তানরাও যে তাদের পরিশ্রমে বড় জায়গায় পৌঁছাতে পারে, এই সংবর্ধনা অনুষ্ঠান তারই এক উজ্জ্বল নিদর্শন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *