“শীতকাল এসে গেছে মধুলিকা” সিরিজের কবিতা // মহীতোষ গায়েন।

পৃথিবীতে অদ্ভুত আঁধার নেমেছে এখন
হিমবন্ত অন্ধকারে ক্রমশঃ ডুবছে চরাচর;
টিউলিপ গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে …
নান্দনিক সৌন্দর্যের ফুল তবু শোভা ছড়ায়।

সূর্য ঢেকে যাচ্ছে কুয়াশার চাদরে নির্জন সংলাপে
মেঘমল্লার রাগ ভেসে যায় উপত্যকায়…
বিছানায় অসুস্থ শুয়ে থাকা,মুখে পড়ছে চিলতে রোদ,
ঐ রোদ থেকে উষ্ণতা নিচ্ছি আর এক আরম্ভের জন্য।

সব জল বাতাস, হাওয়া মোরগের গতি বুঝছি মধুলিকা,
অনাবিল আনন্দে দেখো খেলছে কলকাতার যীশুরা,
এক হাতে পদ্ম,অন্য হাতে মুঠো করে রেখেছি অনুপ্রেরণা,
নির্মল স্নান সেরে সূর্যদেবের কাছে প্রার্থনার অঙ্গীকারে।

আত্মার সাথে পরমাত্মার ঐশ্বরিক বন্ধন অটুট থাকুক,
সম্পর্কের সলতে গুলো অদ্ভুত কৌশলে এলে দাও,
অম্লান আলোয় তুমি এগিয়ে যাও প্রতিবন্ধকতা ঠেলে
তুমি তো ঈশ্বর কন্যা উত্তরণে বাধা গুলো টপকে যাও।

আলোকবর্তিকা মেলে ধরো,ধরাশায়ী হোক স্বার্থপর দৈত্য,
মহাজাগতিক রশ্মি তোমার অপাপবিদ্ধ শুদ্ধশীল শরীরে..
বেঁচে থাকা ও বাঁচিয়ে রাখার ঈশ্বর কণা তোমার আয়ত্তে;
তুমি ছড়িয়ে দাও ,অশুভ ধরাশায়ী হোক,শুভদীপ জ্বালাও।

আমি আর ঘুমাবো না,এখনো অনেক কিছু সৃজন বাকি,
অপেক্ষায় আছি,নিষ্ঠার সাথে মহাকালের মাছি তাড়িয়ে নির্জনে করে যাব শক্তির আরাধনা,নীরবে নিঃশব্দে;
অন্ধকার সরিয়ে আলোর দিশারী হয়ে সভ্যতার গতিসূত্রে।

–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *