
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: নিষিদ্ধ মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নাকা চেকিং চালিয়ে বাইক-সহ দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম হেরোইন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবকের নাম দ্বীপেশ দাস ও আলম শেখ। দ্বীপেশ দাস সুতি থানা এলাকার বাসিন্দা এবং আলম শেখের বাড়ি রঘুনাথগঞ্জের সাইদাপুর এলাকায়।
জানা যাচ্ছে, রবিবার রাতে ওই দুই যুবক একটি বাইকে করে লালগোলা থেকে সুতির দিকে যাচ্ছিল। সেই সময় রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত কানপুর-খিদিরপুর রাজ্য সড়কে পুলিশের নাকা চেকিং চলছিল। সন্দেহ হওয়ায় বাইকটি আটক করে দুই যুবককে তল্লাশি চালান কর্তব্যরত পুলিশকর্মীরা।
তল্লাশির সময় তাঁদের অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে প্রায় ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম হেরোইন। পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত বাইকটিও আটক করেছে পুলিশ।
এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই মাদক পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা চালাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
রঘুনাথগঞ্জ থানার পুলিশের এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।












Leave a Reply