
রঘুনাথগঞ্জ, নিজস্ব সংবাদদাতা: একাধিক জনস্বার্থমূলক দাবি নিয়ে রঘুনাথগঞ্জ-২ ব্লক বিডিও অফিসে ডেপুটেশন জমা দিল ব্লক কংগ্রেস। আজ রঘুনাথগঞ্জ-২ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। সর্বভারতীয় কংগ্রেস নেতা ও দলের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে এই ডেপুটেশন কর্মসূচি পালিত হয়েছে বলে জানানো হয়েছে।
ডেপুটেশনে মোট ১১ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া বৈধ ভোটারদের অবিলম্বে নাম পুনরায় অন্তর্ভুক্ত করা, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং সমস্ত যোগ্য মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রদান।
এছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও কৃষি পেনশন নির্দিষ্ট সময়ে দেওয়ার দাবি জানানো হয়। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, বেহাল রাস্তা সংস্কার এবং নিকাশি ব্যবস্থার উন্নতির দাবিও ডেপুটেশনে স্থান পায়।
আবাস যোজনা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পে স্বজনপোষণ ও দুর্নীতি বন্ধ, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং প্রতিটি স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিও জানানো হয়েছে। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের তালিকা তৈরি করে তাঁদের সামাজিক সুরক্ষা আইনের আওতায় আনার দাবি তুলেছেন কংগ্রেস নেতৃত্ব।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ-২ ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম বিশ্বাস-সহ জেলা, ব্লক ও অঞ্চল স্তরের কংগ্রেস নেতৃত্ব এবং বহু সাধারণ মানুষ।
ডেপুটেশনের মাধ্যমে উত্থাপিত দাবিগুলি দ্রুত কার্যকর করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে ব্লক কংগ্রেস।












Leave a Reply