
সুতি, নিজস্ব সংবাদদাতা: ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও ভক্তির টানে পথে নামলেন ভক্তরা। হরিনাম সংকীর্তন করতে করতে পায়ে হেঁটে ধর্মীয় শোভাযাত্রায় অংশ নিলেন কাশিমনগরের গৌড় ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণের নামগানে মুখরিত হয়ে উঠল গোটা এলাকা। সুতির কাশিমনগরে এ বছর ২৯তম বর্ষে পদার্পণ করল ঐতিহ্যবাহী বিরাট বৈষ্ণব সম্মেলন।
কাশিমনগর গৌড় ভক্তবৃন্দের পরিচালনায় আয়োজিত এই সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা প্রস্তুতি। বৃষ্টির মধ্যেও ধর্মীয় শোভাযাত্রায় ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বিশেষ আকর্ষণ। হরিনাম সংকীর্তন ও ভক্তিমূলক সংগীত পরিবেশন করতে করতে তাঁরা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেন।
সম্মেলন উপলক্ষে সুসজ্জিত করা হয়েছে অনুষ্ঠান প্রাঙ্গণ। মঞ্চে স্থান পেয়েছে শ্রীশ্রী রাধাকৃষ্ণ ও মহাপ্রভুর মনোরম ছবি। পাশাপাশি অনুষ্ঠান প্রাঙ্গণের বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছে ‘হরে কৃষ্ণ, হরে রাম’ মহামন্ত্র।
দীর্ঘ ২৯ বছরের ঐতিহ্যকে সামনে রেখে এবারের সম্মেলনেও থাকছে হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা এবং বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠান। এই ধর্মীয় আয়োজনকে ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ ও উদ্দীপনা।
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভক্তদের এই অংশগ্রহণ আরও একবার তুলে ধরল তাঁদের ধর্মীয় বিশ্বাস, নিষ্ঠা ও ভক্তির ছবি।












Leave a Reply