কাগজেই ফুটে উঠল বোল্লা কালীমাতার রূপ, নবম শ্রেণির বিক্রমের অসাধারণ প্রতিভায় মুগ্ধ গাজোল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- কাগজেই ফুটে উঠল বোল্লা কালীমাতার রূপ, নবম শ্রেণির বিক্রমের অসাধারণ প্রতিভায় মুগ্ধ গাজোল।
বয়স অল্প, কিন্তু প্রতিভা অসাধারণ! দুর্গা ও কালী প্রতিমার পর এবার বালুরঘাটের ঐতিহ্যবাহী বোল্লা কালীমাতার আদলে কাগজের প্রতিমা তৈরি করে সকলের নজর কাড়ল মালদার গাজোলের নবম শ্রেণির স্কুলছাত্র বিক্রম সরকার। বোল্লা কালীমাতার পুজোর প্রাক্কালে তার এই অনবদ্য শিল্পকর্ম দেখে প্রশংসায় পঞ্চমুখ পাড়া-প্রতিবেশীরা।
গাজোলের বাসন্তীতলায় একটি ভাড়াবাড়িতে বাবা বিকাশ সরকার ও মা গৌরী সরকারের সঙ্গে বসবাস করে বিক্রম। বর্তমানে সে গাজোলের হাজিনাকু মহম্মদ হাইস্কুলের নবম শ্রেণিতে পাঠরত। পড়াশোনার ফাঁকে বিভিন্ন দেবদেবীর প্রতিমা তৈরি করাই তার শখ। কখনও মাটি, কখনও কাগজ, আবার কখনও পিচবোর্ড দিয়ে নানান ধরনের প্রতিমা তৈরি করে সে।
বিক্রম জানায়, গত বছর বালুরঘাটের বোল্লা কালীমাতার পুজো দেখতে গিয়েছিল সে। তখনই সিদ্ধান্ত নিয়েছিল, আগামী বছর নিজের হাতে বোল্লা কালীমাতার প্রতিমা তৈরি করবে। যেমন ভাবা, তেমন কাজ। এবছর পুজোর কয়েক দিন আগে থেকেই শুরু করে প্রতিমা তৈরির কাজ।
কাগজ, রং আর তুলির নিপুণ ব্যবহারে ফুটিয়ে তুলেছে বোল্লা কালীমাতার আদল। প্রতিমার অলংকরণে ব্যবহার করেছে বিভিন্ন ধরনের ইমিটেশনের গয়না। তার সৃজনশীলতা ও শিল্পদক্ষতায় তৈরি প্রতিমাটি দেখতে ইতিমধ্যেই বিক্রমের বাড়িতে ভিড় জমাচ্ছেন পাড়া-প্রতিবেশীরা।
ছোট্ট বিক্রমের এই অসাধারণ শিল্পপ্রতিভা দেখে সকলেই তাকে বাহবা জানাচ্ছেন। প্রতিবেশীদের প্রশংসা ও ভালোবাসায় স্বভাবতই আপ্লুত বিক্রম এবং তার গোটা পরিবার। পড়াশোনার পাশাপাশি শিল্পচর্চায় নবম শ্রেণির এই পড়ুয়ার এমন উদ্যোগ নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *