প্রয়াত হলেন ঝাড়গ্রামের মল্লদেব রাজ পরিবারের রানী রূপমঞ্জরী দেবী, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর!

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম: প্রয়াত হলেন ঝাড়গ্রামের মল্লদেব রাজ পরিবারের রানী রূপমঞ্জরী দেবী। শনিবার বিকেল সাড়ে চারটায় তিনি কলকাতায় বেলভিউ হাসপাতালে শেষ নিশ্বাঃস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। ঝাড়গ্রাম মল্লদেব রাজ পরিবার সূত্রে জানা গিয়েছে, আধুনিক ঝাড়গ্রামের রূপকার রাজা নরসিংহ মল্লদেবের দ্বিতীয় স্ত্রী রানী রূপমঞ্জরী দেবী। তাঁর দুই মেয়ে। বড় মেয়ে গায়ত্রী দেবী কলকাতায় এবং ছোট মেয়ে জয়শ্রী দেবী ওড়িশার কটকে থাকেন। রাজা নরসিংহ মল্লদেবের প্রথম স্ত্রী রানী বিনোদমঞ্জরী দেবী ১৯৪৪ সালে প্রয়াত হওয়ার পর তিনি দ্বিতীয়বার রানী রূপমঞ্জরী দেবীকে বিয়ে করেন।
রানী রূপমঞ্জরী দেবী কলকাতায় থাকলেও পারিবারিক অনুষ্ঠান কাজে ঝাড়গ্রামে আসতেন। গত দশ দিন ধরে তিনি বয়সজনিত অসুখে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। প্রথমে কোমায় চলে গেলেও সেখান থেকে জ্ঞান ফিরেছিল। তারপর দ্বিতীয়বার ফের কোমায় চলে যাওয়ার পর এদিন বিকেল সাড়ে চারটায় প্রয়াত হন। কলকাতায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। কিন্তু পারলৌকিক কর্ম ঝাড়গ্রামে সম্পন্ন হবে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *