মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠলো কাউন্সিলরের বিরুদ্ধে, চাঞ্চল্য কাঁথি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলেম আলি খানের বিরুদ্ধে মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠলো। কাঁথি পৌরসভায় ডেপুটেশন দিতে গিয়ে শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন বলে ১১ নম্বর ওয়ার্ডের সেই মহিলার অভিযোগ। তিনি এবার কাউন্সিলর আলেমের বিরুদ্ধে ডাকযোগে অভিযোগ জানালেন , রাজ্য মহিলা কমিশন, জেলা পুলিশ সুপার ও কাঁথি মহিলা থানায়। ঘটনায় জানা যায় গত ২৯ জুন এই কাউন্সিলর কাঁথি পৌরসভার মধ্যে কিভাবে সেই মহিলাকে নিগ্রহ করেছেন ও দেখে নেওয়ার হুমকি দিয়েছেন, তা অভিযোগে বিস্তারিত জানিয়েছেন তিনি। এমনকি ঘটনার পর কয়েকদিন মানসিকভাবে ভেঙে পড়ায় অভিযোগ জানাতে একটু দেরি হলো বলেও সেই অভিযোগপত্রে উল্লেখ করেছেন সেই মহিলা। কাউন্সিলরের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করার পর তিনি জানান, “ মুঝে ইনসাফ চাহিয়ে। ঘটনার সব ভিডিও ফুটেজ আমি জোগাড় করেছি। কাঁথি পৌরসভা কারোর ব্যাক্তিগত সম্পত্তি নয়। এটা পৌরবাসীদের দফতর। এখানে কারো দাদাগিরি ও নোংরামি চলবে না। ” আবার এই মহিলা সুবিচার না পেলে আগামীদিনে তার হয়ে ময়দানে নামার হুঁশিয়ারি দিয়েছেন ১১ নম্বর ওয়ার্ডের মহিলাদের একাংশ।
শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে কাঁথি পৌরসভার মধ্যেই এমন নক্কারজনক অভিযোগ ওঠায়, রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। প্রশ্ন উঠেছে কাঁথি পৌরসভার মধ্যেকার নিরাপত্তা,এই নিয়ে সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ উগরে দেন সেই অভিযোগকারী মহিলা। অবশ্য যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই কাউন্সিলার আলেম আলি খান তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানিয়েছেন। সম্পূর্ণ মিথ্যা অভিযোগে তাঁকে ফাঁসানোর পাল্টা অভিযোগ তুলেছেন আলেম। কাঁথি পৌরসভায় তৃণমূল কাউন্সিলরের অভব্য আচরণ নিয়ে শহর জুড়ে তীব্র সমালোচনার মধ্যেই প্রশ্ন উঠেছে স্বয়ং পৌরপ্রধানের নিরপেক্ষতা ও পৌরভবনের মধ্যে নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে। অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুরপ্রধান। জুলাই মাসেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন। তার আগে দলনেত্রীর মা, মাটি, মানুষের স্লোগান কাঁথিতে এভাবে সমালোচিত হওয়ায় দলের একাংশের মধ্যেই সে নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বরাবর মহিলাদের হয়ে লড়াই করা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় কোন কড়া ব্যবস্থা নেন কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট সব মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *