নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- লালগড় বাজার সহ ওই এলাকার সমস্ত জল লালগড় শহর খাল দিয়ে পাশ হয়। লালগড় বাজার থেকে পূর্ণাপানি হয়ে দুটি ভাগে ভাগ হয়েছে। লালগড় শহর খাল পূর্ণা পানি থেকে একটি অংশ গিয়েছে শালবনি ব্লকের ভীমপুর এলাকায়। অন্য একটি অংশ গিয়েছে মেদিনীপুর সদর ব্লকের ধেরুয়া পর্যন্ত ।ওই খালের দুই পাশে রাস্তা দিয়ে প্রায় ৪০টি গ্রামের মানুষ যাতায়াত করে। রাস্তাটির অবস্থা খুব খারাপ। সেইসঙ্গে বৃষ্টি শুরু হওয়ায় লালগড় শহর খালে জল বাড়ছে। যেকোনো সময় লালগড় শহর খালের পাড় ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি জানতে পেরে সোমবার সকালে বৃষ্টিকে উপেক্ষা করে লালগড় শহর খাল পরিদর্শনে যান রাজ্যের স্বনির্ভর ও সনিযুক্তি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও বন দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। তিনি ঘটনাস্থলে গিয়ে লালগড় শহর খালের দুই পাশের পাড় কি অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখেন। যেসব এলাকায় পাড় ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে সেই এলাকাগুলি দ্রুত মেরামত করার জন্য লালগড় ব্লক প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন। তিনি প্রশাসনিক আধিকারিকদের দ্রুত ওই পাড় মেরামত করার জন্য নির্দেশ দেওয়ার পাশাপাশি নিজে ওই এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন। মন্ত্রী বিরবাহা হাঁসদা কে কাছে পেয়ে ওই এলাকার বাসিন্দারা তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা জানান। মন্ত্রী গ্রামবাসীদের বলেন আপনারা আমাকে নির্বাচিত করেছেন বিধায়ক হিসেবে তারপর আমি মন্ত্রী হয়েছি। তাই আপনাদের পাশে থেকে এলাকার কাজ করার জন্য আমি দায়বদ্ধ। শুধু মন্ত্রী হিসেবে নয় একজন মানুষ হিসেবে আমি আপনাদের পাশে সব সময় থাকবো।
লালগড় শহর খালের দুই পাশের রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের মন্ত্রী বীর বাহা হাঁসদা।












Leave a Reply